শেখ হাসিনাকে পাকিস্তানের অভিনন্দন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। সোমবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত ও রাশিয়াসহ বিশ্বের ১০টি দেশের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, সোমবার সকালে গণভবনে চীন, ভারত, রাশিয়া ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল ও মরক্কোর রাষ্ট্রদূত শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। জবাবে প্রধানমন্ত্রীও তাদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশের থাকার আহ্বান জানান তাদের।






আপনার মতামত লিখুন