বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবার এমপি দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পাত্তাই পেলেন না চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া। তিনি ফরিদগঞ্জ থেকে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তবে নমিনেশন না পেয়ে তিনি একাধারে দুটি আসন থেকে প্রার্থী হন। দীপু মনি তাকে হারিয়েছেন ৮৩ হাজার ৯৬৯ ভোটে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন তিনি।
চাঁদপুর-৩ এর আসনটি প্রথাগতভাবে সবসময় বিএনপি জয়লাভ করত। তবে ডা. দীপু মনির হাত ধরে আসনটি উদ্ধার করে আওয়ামী লীগ। প্রথমবার বিজয়ী হয়ে তিনি দেশের প্রথমবারের মত নারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
অন্যদিকে সামছুল হক ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর-৪ তথা ফরিদগঞ্জ থেকে একবার এমপি নির্বাচিত হন। তবে এরপর আর নমিনেশন পাননি তিনি। এবারও তিনি নমিনেশন না পেয়ে দুটি আসন (চাঁদপুর ৩ ও ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন। তিনি ফরিদগঞ্জ আসনেও হেরেছেন। তবে ফরিদগঞ্জ আসনে (চাঁদপুর ৪) তিনি হেরেছেন অল্প ব্যবধানে।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী আসনের ১৬৫টি কেন্দ্রে দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া (ঈগল) পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট। এ হিসেবে ৮৩ হাজার ৯৬৯ ভোটে ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়াকে পরাজিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের আলহাজ্ব ডা. দীপু মনি (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান পেয়েছেন (ফুলের মালা) ও জাকের পার্টির মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল)।






আপনার মতামত লিখুন