খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লালশাক-পুঁটিমাছ এবং বাধাহীন শৈশব

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
লালশাক-পুঁটিমাছ এবং বাধাহীন শৈশব

ভর দুপুর। মিঠে-কড়া রৌদ আর হালকা বাতাস। চারিদিক সবুজ শ্যামল রাজ্য। চমৎকার পরিবেশ। এমন সময়ে লাল শাক দিয়ে পুঁটি মাছের ব্যঞ্জন। কি যে সুস্বাদু ! যিনি খেয়েছেন তিনিই মজেছেন। মন নিয়ন্ত্রণহীন। বিদ্যুৎ গতিতে চলে গেছে সুদূর শৈশবে। একে আর ফিরিয়ে আনতে পারিনি। এমনই এক পরিবেশে শৈশবে এক আত্মীয়ের বাড়ির উঠানে বসে পুঁটি মাছ আর লাল শাকের রান্না করা খাবারে ভূরিভোজন হলো। পাশেই তীর্যক দৃষ্টিতে তাকিয়ে একটা বিড়াল মিউ মিউ করে আতিথ্য নেয়ার মিষ্টিমধুর আর্তি। ভাষাহীনের ভাষা বুঝতে সময় লাগেনি। কী আর চেয়েছে সে। উচ্ছিষ্ট, কাঁটা। এতেই সন্তুষ্ট। আস্ত কয়েকটি পুঁটিমাছ ও লাল ভাত দিলাম। কী বুদ্ধিমান! ওদিকে তাকাওনি। গোগ্রাসে গিললো মাছগুলো আর লেজ নেড়ে প্রভুভক্তি দেখালো।

বাঙ্গালির রসনা তৃপ্তির প্রধান খাদ্য ভাত। সাদা-সাদা, আরও সাদা। শত রকমের আইটেম। কিন্তু দু’টো ভাত খাওয়া হয়নি। মনে হয় দিনটাই অভুক্ত থাকলো। ডাক্তার ভাত কম খেতে পরামর্শ দেন। রোগীর সোজাসাপটা উত্তর-দুই লোকমা ভাতই খাই। তাও বন্ধ! “ভেতো বাঙালি” বলে কুখ্যাতি আর ছাড়া গেল না।

শীতকাল উপহার দেয় বৈচিত্র্যপূর্ণ শাকসবজি। বাংলার মাটি, সোনার চেয়েও খাঁটি। মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ শাকসবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়। তন্মধ্যে “রূপে আমার আগুন জ্বলে” আর ‘গুণে আমায় পায় কে’- লাল শাক বিশেষ জায়গা করে নিয়েছে হেঁসেলে। “লালে লাল দুনিয়া”। নয়ন জুড়ে যায়, চোখ ফেরানো দায়। এমন রক্তমাখা লাল শাকসহ অন্যান্য শাকসবজি দেখতে চলুন একটু বেড়িয়ে আসি শৈশবের সোনাঝরা দিনগুলোতে। পল্লী কবি জসীমউদ্দিন মনে হয় আমাদের গ্রামের চিত্রই তুলে ধরেছেন এভাবে-

“গাছের ছায়ায় বনের লতায়
মোর শিশুকাল লুকায়েছে হায়!
আজিকে সে-সব সরায়ে সরায়ে
খুঁজিয়া লইব তায়।”

এইতো সেদিন পর্যন্ত গ্রাম বাংলার অর্থনীতি ছিল অনেকটা স্বয়ংসম্পূর্ণ প্রকৃতির। প্রবাদ বাক্যে পরিণত হয়েছে দুধে-ভাতে বাঙালি। লোকসংখ্যা ছিল খুব কম। সাদাসিধা জীবনযাত্রা। অল্পতেই তুষ্ট থাকতো। তবে, পাকিস্তানীদের ঔপনিবেশিক শোষণে সোনার বাংলা পরিণত হয়েছে শ্মশানে। কৃষি নির্ভর অর্থনীতি। তাই ঘরে ঘরে গরু পালন করা হতো। গরু ঘর বা বাড়ির নিকটস্থ উঁচু আঙিনায় হরেক রকমের শাকসবজির চাষাবাদ করা হতো।

কার্তিক-অগ্রহায়ণ মাসে বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু উঁচু জমিতে লাউ, সিম, কুমড়ার বীজ/চারা লাগানোর ধুম পড়তো। মাটি উষ্ণ হলে সকাল-বিকাল গাছে পানি দেয়া হতো। অবলীলায় কাজটি করতো ছোটরা। বাঁশের কঞ্চি (জিংলা) বা অন্য কোন গাছের ডাল দিয়ে মাছা বানানোর কাজটিও সানন্দে সম্পাদন করতো ছোটরাই।

দেশি বেগুন (কালা বায়ুন), টমেটো (চুয়া বায়ুন), ধনে (দইন্যা) পাতা, মুলা, কাঁচা মরিচ, পিঁয়াজ, রসুন, মুগ ডাল, লাল শাক ইত্যাদি চাষ করা হতো। গরু-ছাগলের উপদ্রব হতে ফসল রক্ষাকল্পে বেড়া দেয়া হতো । সকালে ঘুম হতে উঠে কোন গাছ কত বড় হয়েছে, কোন গাছে কখন ফুল আসবে বা ফল দিবে-এসব দেখা হতো গভীর আগ্রহ সহকারে। তরকারির জন্য আর তর সয় না। অপেক্ষার পালা শেষে প্রথম তোলার সুখানুভূতি কি ভাষায় প্রকাশযোগ্য? এখনো “সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী” গান শুনে বয়ষ্কদের দেহ-মনে নাচন ধরে। বনভোজনের মতো নুন, কাঁচা মরিচ ও টমেটো, ধনে পাতা সুপারি গাছের খোলে (বাইল) পিষে খাওয়ার আনন্দ কোন নিক্তিতে কি পরিমাপযোগ্য? দলবেঁধে লুকিয়ে মটরশুঁটি তোলে লুঙ্গিতে রেখে “নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে” খাওয়ার আনন্দই অন্যরকম। বর্তমানের মতো বিচিত্র দেশি বিদেশি শাকসবজি খাওয়াতো দূরের কথা। নামগন্ধও জানতো না।

স্কুলেও স্যারেরা শাকসবজি চাষাবাদকে মজা করে উপস্থাপনে কসুর করতেন না। যেমন- “শামিম বাগান করিল। তাতে ফুল হয়, ফল হয়। কিছু নিজেরা খায়। কিছু পাড়া-প্রতিবেশিকে দেয়।” আসলে পাড়া-পড়শীদের মধ্যে বিতরণের খুব একটা প্রয়োজন হতো না। ঘরে ঘরে ছিল এমন চিত্র। ধনে পাতার মৌ মৌ গন্ধে চারিদিক হতো বিমোহিত। সবুজ-শ্যামল মাঠের মধ্যে এক চিলতে ‘রক্ত লাল, রক্ত লাল’ লাল শাকের খেত। আঞ্চলিক নাম ডুল্লা। ডাটার তুলনায় অনেক ছোট। এজন্য কেউ কেউ ডাটাকে গালিভার এবং লাল শাককে লিলিপুট নামে অভিহিত করতো। এর পাশেই হলুদের রাজ্য-সরিষা খেত। লাখ লাখ মৌমাছি-ভোমারার কোরাস-“গুণ গুণ গুণ গান গাহিয়া নীল ভোমরা যায়।” “কী অপরূপ রূপে মা গো হেরিনু পল্লী জননী!”

১৯৭৮ সনে চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ উপজেলা চলে আসে। এতে করে এ এলাকার প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জগতের চিরায়ত চিত্রই পাল্টে গেছে। পূর্বে পুকুর, ডোবা, নালা, খাল, বিল, নদী ইত্যাদি জলাশয় ছিল হরেক রকমের দেশীয় মাছে ভরপুর। বর্ষাকালে টেটা, জাল ছিল সবার ঘরে ঘরে। রাত ছিল গহীন অন্ধকার, কবরের নীরবতা। জোনাকির আলো ছাড়া কিছুই দেখা যেতো না। তবে, কেউ কেউ রাতে দোনলা বাতি নিয়ে ডালাসিয়ারের বদৌলতে একটু আলোর প্রজ্বলন দেখতো। মাছ ধরার ফাঁদ “হইলা” দিয়ে সহজে অনেক মাছ ধরা যেতো।

হেমন্তের শেষ দিকে এবং শীতকালে এসব জলাশয় শুকিয়ে যেতো। ঝাই জাল, ঠেলা জাল, ভেসাল (বেয়াল), চালুনি, বড় ও ছোট চাই (বাঁশের তৈরি), বুইচুনি, টেটা, কোচ, পলো (পলবা), হোরকা (বাঁশের তৈরি, ত্রিভূজ আকৃতির) ইত্যাদি দিয়ে অবস্থান ও অবস্হাভেদে বিচিত্র রকমের দেশীয় প্রজাতির মাছ ধরা হতো। বড় জলাশয়ের পানি নাগালের মধ্যে আসলে শুরু হতো অন্য রকম উৎসব হতো। জাল বা পলবা দিয়ে মাছ ধরার দিনে শত মানুষের গগনবিদারী কোলাহলে আকাশ-বাতাস মুখরিত হতো। মাঝে মাঝে পিলে চমকানো বোয়াল মাছ ধরা পড়তো। দশ-বারো সেরের গজার মাছের চোখ লাল টুকটুকে হয়। এগুলো ধরা পড়লে চতুর লোকজন বলতো- “এগুলি দৈত্য-দানব হই গেছে। ছাইড়া দে। এসব খাইলে এমন কঠিন বিমার অইবে, সাথে জীবনও শেষ।” বড় বড় রুই, কাতল কদাচিত পাওয়া যেতো। আজকালের পাঙ্গাশ সেকালে ছিল সবচেয়ে দামী মাছ। তেলাপিয়া জাতীয় মাছের নাম গন্ধও মানুষ জানতো না। মাছের রাজা ইলিশ কিন্তু মানুষের নাগালের মধ্যেই ছিল। একটা ইলিশ কিনতে এক বস্তা টাকা লাগতো না। বড় ডোবা, পুকুরের গভীর পানিতে ‘জাগ’ ও ‘হােরকা’য় গাছের ডাল, পাতা, গোবর, ধানের কুঁড়া ফেলতো। অভয়ারণ্য ভেবে বিভিন্ন প্রজাতির মাছ এতে আশ্রয় নিতো। কিছু দিন পরে পড়তো ধরা। মানুষের রসনা তৃপ্তির ঢেকুরে জীবন হতো সাঙ্গ। স্কুলে যাওয়ার আগে ও বিকালে খেলাধুলা করে দুই এক ঘন্টা কেটে যেতো জলকেলিতে। তখনও ডুবিয়ে, হাতিয়ে (আতাইয়া) দুই-এক বেলার মাছ ধরা হয়ে যেতো।

মাঝে মাঝে প্রচুর মাছ ধরা পড়তো। এত মাছ খেয়ে শেষ করার উপায় ছিল না। এজন্য মাটির তৈরি মটকায় কৈ, শোল, মাগুর, শিং, টাকি ইত্যাদি মাছ দীর্ঘদিন জিইয়ে রাখা হতো। মাছের শুটকি দেয়ার ধুম পড়ে যেতো। চারিদিকে কাঁচা/পঁচা মাছের গন্ধে বাতাস ভরে যেতো। মাছির ভনভন, কাক-চিলের ছোঁ মারা, মাটির ঢেলা/লাঠি ছোড়া, বিড়াল তাড়ানো -এমন দৃশ্যের অবতারণা লেগেই থাকতো। চুরি বিদ্যায় ওস্তাদ বিড়াল শিকেয় তোলা শুকনো শুটকি মুহুর্তে কাবার করার তুলনাই ছিল না। বর্ষা বা মাছের আকালে ঘরে ঘরে পাথরের পাটায় বাটা শুটকির ভর্তা ছিল দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়মিত ‘ম্যানু’। লোনা ইলিশ মাছ ব্যতিত শুটকি কেনার কাস্টমার ছিল নগন্য। প্রায় সবার ঘরে মাছ-তরকারির যোগান থাকায় সাধারণ গৃহস্থের কাছে এসব কেনার সংস্কৃতি খুব বেশি প্রচলিত ছিল না।

আতিথেয়তার সংস্কৃতি প্রচলিত ছিল প্রচন্ডভাবে। বর্ষা, শীত এবং গ্রীষ্ম কাল ছিল বেড়ানোর মৌসুম। অতিথি আপ্যায়নে ছিল দিলখোলা, উদার। নবান্ন এবং শীতকালে বিচিত্র রকমের পিঠা খাওয়ার ধুম পড়ে যেতো। লুঙ্গির কোঁচায় নারিকেল মিশ্রিত মুরি, পিঠা নিয়ে শিশুরা যেতো মক্তবে। খেজুরের রস খেতে গাছের নীচে হা করে থাকা, সৌভাগ্যবশত দু-চার ফোটার স্বাদ ফেলেই ধন্য। পাটখড়ি, পাইপ দিয়ে রস ‘চুরি’ করার অভিজ্ঞতা অর্জন করেনি-এমন দুর্ভাগা খুঁজে পাওয়া দুষ্কর। আবার রাতে কেউ কেউ রস চুরি করে শিন্নি (পায়েস) খেয়ে, মুরগী চুরি করার ‘হিরোইজম’ দেখাতে কসুর করতো না।

কিছু লোকের ভাগ্য দেবী সবসময় সুপ্রসন্ন থাকতো। এরা ছিল কুঁড়ে ও অলস প্রকৃতির। গুলমারা, আষাঢ়ে গল্প করা, অন্যকে উপদেশ দেয়া, মাদবরি করে দিন গুজরান করতো। এদের পদচারণায় হাট-বাজারগুলো সরগরম থাকতো। কায়িক শ্রম, শাকসবজির চাষ আর প্রকৃতির অভয়ারণ্যের মাছ-এজন্য “মাছে-ভাতে বাঙালি” উপাধিতে ভূষিত হয়েছে কি-না গবেষকগণ শুলুকসন্ধানে নিয়োজিত হতে পারেন। এসব কারণে হয়তো আগে মানুষ দুরারোগ্য ও জটিল রোগে কম আক্রান্ত হতো। এমনই ছিল আবহমান গ্রামীণ বাঙালির অতি সাধারণ চিত্র।

লাল শাকের গুণও অনেক। দাঁত মজবুত রাখা, কোষ্ঠকাঠিন্য দূর করা, রক্তশূন্যতা দূর করা, খনিজ উপাদান, আয়রন, ক্যারোটিন, ভিটামিন-বি-১, ভিটামিন-বি-২, ভিটামিন-সি ইত্যাদিতে সমৃদ্ধ। এতে এ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বুক জ্বালা কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে, হৃদরোগের ঝুঁকি কমায়। সামান্য তেল দিয়ে রান্না সম্পন্ন হয়। লাল টুকটুকে ভাত শিশুর নিকট আকর্ষণীয় এবং মানসিক বিকাশে সহায়তা করে। আলু এবং নারিকেলের মতোই লাল শাক সর্বজনীন তরকারি। তবে, লাল শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন। গর্ভবতী মহিলাদের কিছুটা বদহজম, এ্যাসিডিটি বা বুমির উদ্রেক করতে পারে। হার্ট বা লিভারে সমস্যা রয়েছে এমন মানুষের রাতে না খাওয়া উত্তম।

এর আদি উৎস কিন্তু সুদূর দক্ষিণ আমেরিকায়। কোন এক সময়ে কোন সুরসিক ভদ্রলোক এদেশে এনেছেন। এখন হয়ে গেছে বাঙালির অন্যতম প্রিয় খাদ্য।

এ যুগে বিশ্ব হয়ে গেছে অনেক ছোট। প্রায় প্রতি বাড়িতে দুই চারজন বিদেশে থাকেন। প্রবাসীগণ প্রচন্ড হাড়ভাঙ্গা পরিশ্রম করে প্রিয়জনের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন। সেই টাকায় অনেকেই বাড়িতে বসে বসে খান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব শৈলীর জীবন্ত উদাহরণ গাঁও-গ্রামের আনাচকানাচে। রাস্তা-ঘাট পাকা। বাড়ির কাছেই গড়ে উঠেছে অনেক দোকানপাট। দশ/বিশ টাকা খরচ করে দিন-রাত দোকানে চলে অনেক নাচ-গান, সিনেমা। এসব দেখা আর নিরর্থক আড্ডাবাজি, রাজা-উজির মারা, “উনিশ পিপে নস্যি” খরচ করা এখন নৈমিত্তিক ঘটনা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা-অনেকেই মানতে চান না। অথচ উন্নত তথ্য-প্রযুক্তি হাতের মুঠোয়। সোনার মাটি, সোনার জমিন এখনও বিদ্যমান। আগের মতো বর্ষা-বন্যায় সব ধুয়ে-মুছে ফেলার অবস্থাও নাই। মহান আল্লাহর অফুরন্ত দান, অবাধ সুযোগ নাগালের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার জন্য বারবার আহবান জানাচ্ছেন। লাভ কার? অবশ্যই আপনার এবং বহুমাত্রিক।

আসুন, নিজের হাতকে একটু কাজে লাগাই। মুখে হাসি ফুটাই। গর্ব করে ফেসবুকে ছবি পোস্ট করি। দেহ-মনে পাওয়া যাবে নতুন প্রানশক্তি। সমৃদ্ধ হবেন আপনি নিজে, সমৃদ্ধ হবে দেশ।

লেখকঃ মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী, সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), সাবেক সিনিয়র সচিব।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি