খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

ভিশন ট্রেডিং নামে একটি জাল কাগজপত্র ব্যবহার করে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

ছবি-সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় জাবেদ ছাড়া আরও ১৬ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সরিয়ে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।

ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও সেগুলোতে অসংগতি ছিল বলে দুদকের তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়। ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন।

এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, তার ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়। মামলার শুরুতে আসামি ছিলেন ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়।

এরপর ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত পরদিন রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালত ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

 

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পদক্ষেপ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পদক্ষেপ বাংলাদেশের

ছবি-সংগৃহীত

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা-এর সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে দুই পক্ষ একমত হয়।

 

শীর্ষ সংবাদ:
কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পদক্ষেপ বাংলাদেশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ