খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে ডিএফসি প্রতিশ্রুতিবদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন) বা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে বিবেচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস জানায়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে ডিএফসি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে। ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের এই নতুন যোগ্যতা অর্জন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং অর্থায়নের সীমাবদ্ধতার কারণে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে।

এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিশেষ করে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে প্রতিবন্ধকতার মুখে পড়ে, তা দূর করতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে আমরা একদিকে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারব, পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়াবে।

উল্লেখ্য, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে ডিএফসি প্রতিশ্রুতিবদ্ধ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি