অভিযানেও থেমে নেই, বগুড়ায় প্রকাশ্যেই চলছে মাদকের ব্যবসা
অভিযানের পরই ফের জমজমাট মাদক কারবার
ছবি-সংগৃহীত
হাটের মতো সারি বেধে বসে আছেন বিক্রেতারা। সামনে সাজানো গাজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। ক্রেতারা আসছেন, দরদাম করছেন, কিনছেন। কেউ কেউ ঘটনাস্থলেই বসে সেবন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আবার জমে উঠছে বেচাকেনা। দেখে মনে হবে, এটি কোনো পাইকারি বাজার। অথচ জায়গাটি বগুড়া শহরের রেলওয়ে কলোনির সুইপারপট্টি এলাকায় গড়ে ওঠা মাদক কেনাবেচার একটি কেন্দ্র।
অনুসন্ধানে উঠে এসেছে, বগুড়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হকার, রিকশাচালক, তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানেও মাদক সেবনের অভিযোগ রয়েছে।
মাদকের সহজলভ্যতা শুধু তরুণ প্রজন্মকে বিপথগামী করছে না, এর প্রভাবে চুরি, ছিনতাই, অর্থ ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ডের মতো অপরাধও ঘটছে। মাদক কেনার টাকা জোগাড় করতে অপরাধে জড়িয়ে পড়ছেন অনেকে। সব মিলিয়ে মাদকের বিস্তার শহরের সামাজিক নিরাপত্তা ও জনজীবনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
অভিযানের পরই ফের জমজমাট মাদক কারবার
সরেজমিনে বগুড়া শহরের রেলওয়ে কলোনির বিভিন্ন মাদক স্পট ঘুরে দেখা যায়, রানার সিটির সামনের গলি দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে মাদক কেনাবেচার চিত্র। বিভিন্ন স্থানে সারি বেধে বসে আছেন বিক্রেতারা। কেউ গাজা, কেউ ইয়াবা বিক্রি করছেন। আবার কেউ নিজ বাসার কক্ষ থেকেই দেশি মদ বিক্রি করছেন।
কয়েকটি বাড়ির সামনের দরজায় পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মাদক কেনাবেচা করতে দেখা যায়। এমনকি শিশুদের ব্যবহার করেও মাদক বিক্রি করতে দেখা যায়। ক্রেতারা সেখানে এসে পছন্দমতো মাদক কিনছেন। কেউ কেউ ঘটনাস্থলেই তা সেবন করছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার অভিযান চালিয়েছে। তবে অভিযান শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই আবার শুরু হয় মাদক কেনাবেচা। শহরের হাড্ডিপট্টি, অবাধে রেললাইনের ওপর এবং আশপাশের এলাকাতেও মাদক বিক্রির তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে এসব এলাকায় কয়েকজন নারীকে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা যায়। তাদের কেউ ব্যাগ থেকে গাজা বের করে ক্রেতাদের হাতে দিচ্ছেন, অন্য হাতে নিচ্ছেন টাকা। এর আগেও পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, কোনোভাবেই থামছে না কারবার।
অনুসন্ধানে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসেও মাদক সেবনের দৃশ্য চোখে পড়ে। কলেজের শিক্ষার্থী ছাড়াও বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে মাদক সেবন করছেন বলে অভিযোগ রয়েছে। কলেজের নেতাকর্মীরা মাঝেমধ্যে মাদকসেবীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলেও জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন পরিস্থিতি উদ্বেগ আরও বাড়িয়েছে।
এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মাহফুজ ইসলাম বলেন, কলেজে মাদকবিরোধী কমিটি রয়েছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ক্যাম্পাসের ভেতরের দোকানগুলোতেও নজরদারি করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার সন্দেহে দোকানগুলোতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতা বাড়াতে নিয়মিত সচেতনতামূলক ক্লাস নেওয়া হয়। এসব কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে কলেজ ক্যাম্পাসটি বড় এবং চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ক্যাম্পাসকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।
ব্যবসার আড়ালে মাদক বিক্রি
ওষুধ মানুষের অসুস্থতা সারানোর জন্য। অথচ সেই ওষুধের ব্যবসার আড়ালেই মাদক বিক্রির অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে নদী বাংলা ও মেরিনা মার্কেট এলাকায় রয়েছে অসংখ্য ওষুধের পাইকারি দোকান। গোপন সূত্রের তথ্য অনুযায়ী, এসব দোকানের কয়েকটি থেকে বৈধ ওষুধের পাশাপাশি গোপনে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপ বিক্রি করা হচ্ছে। এসব ট্যাবলেটের বড় একটি অংশ প্রত্যন্ত এলাকায় সরবরাহ করা হয়। বিক্রির সঙ্গে কিছু পল্লিচিকিৎসকও জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিকেল হলেই শহরের সাতমাথা এলাকায় বাড়তে থাকে হকারদের ভিড়। ভ্যানে করে কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে কিছু অসাধু হকার মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক (ছদ্ম নাম) সাবেদ আলী নামে এক পল্লিচিকিৎসক বলেন,, কিছু অসাধু পল্লিচিকিৎসক সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তারা এমন কাজে যুক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও আড়ালে মাদক বিক্রি করছেন। এদের নিয়ন্ত্রণ করা না গেলে সন্তানরাও ঝুঁকিতে পড়বে। মাদক নির্মূলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
২৬ স্পটে প্রকাশ্যে বিক্রির অভিযোগ
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়া শহরের অন্তত ২৬টি স্থানে প্রকাশ্যে মাদক কেনাবেচা হচ্ছে। এলাকাগুলো হলো- চকসূত্রাপুর, সেউজগাড়ী, বাদুড়তলা, বৃন্দাবন, নিশিন্দারা, সাতমাথা, সিলিমপুর, বনানী, মাটিডালি, ফুলদিঘি, লতিফপুর কলোনি, মালগ্রাম, গড়ফতেপুর, ঠনঠনিয়া, চারমাথা, নারুলী, চেলোপাড়া, খান্দার, বগুড়া রেলওয়ে স্টেশন, কামারগাড়ী, সূত্রাপুর, চকযাদু রোড, নামাজগড়, কারমাইকেল রোড, পৌর পার্ক ও তিনমাথা মোড়।
এসব এলাকায় গাজা, ইয়াবা, হেরোইন, মদ ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ রয়েছে। শুধু জেলা শহর নয়, বিভিন্ন উপজেলাতেও ছড়িয়ে পড়েছে মাদকের কারবার। বিশেষ করে শেরপুর, ধুনট ও আদমদীঘি উপজেলায় মাদকের বিস্তার বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় মাদক কারবারি হিসেবে মোট ৭৫০ জনের নাম রয়েছে। এর মধ্যে জেলা পুলিশের তালিকায় ৪৫১ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ২৯৯ জনের নাম রয়েছে।
বগুড়া নাগরিক সুশাসনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন বলেন, মাদক নির্মূলে বাংলাদেশে কঠোর আইন প্রণয়ন করা হলেও কার্যকরভাবে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। তাই মাদক নির্মূলে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে। দু-একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অন্য মাদক কারবারিরাও এ ব্যবসা থেকে সরে আসতে বাধ্য হবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, মাদক নির্মূল করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষকেও সচেতন ও সোচ্চার হতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কার্যক্রমের ওপর নজর রাখতে হবে। সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে খোঁজখবর রাখতে হবে। পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
পৌনে দুই বছরে ২ হাজার ৯১১ অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৩০৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১ বছর ১০ মাসে জেলায় মোট ২ হাজার ৯১১টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ২৫৬টি মামলা দায়ের এবং ১ হাজার ৩০৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ১ লাখ ২৪ হাজার ২৬১ পিস ইয়াবা, ৩২৫ বোতল ফেনসিডিল, ২৬৯ দশমিক ০৫৪ কেজি গাজা, একটি জীবন্ত গাজাগাছ ও ১৪৯ দশমিক ২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া ৪ হাজার ৮৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৩১টি বুপ্রেনরফিন অ্যাম্পুল এবং ৪৯ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৩০৮ দশমিক ০৫০ লিটার চোলাই মদ, ২ হাজার ১৮৫ লিটার ওয়াশ, ২১ লিটার দেশি মদ ও ২৬ বোতল স্পিরিট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, জনবল ও যানবাহন সংকটের কারণে জেলার ১৩টি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে ৩২ জন জনবলের মধ্যে প্রায় ২২ জন মাঠপর্যায়ে কাজ করছেন। তাদের জন্য রয়েছে মাত্র একটি গাড়ি। ফলে দূরবর্তী এলাকায় মাদক কারবারের তথ্য পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো ও অভিযুক্তদের আটক করা চ্যালেঞ্জিং হয়ে যায়। এ পরিস্থিতিতে জনবল, যানবাহন ও প্রয়োজনীয় বাজেট বাড়ানো হলে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে।
এসআরবির শতাধিক অভিযান, গ্রেপ্তার ৯২
বগুড়ার এসআরবি-১২ সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী ১০৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪২ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযানে ১৭ হাজার ৭৪ পিস ইয়াবা, ১৫৩ দশমিক ৯১ কেজি গাঁজা, ৮৩০ বোতল ইস্কাফ, ৬৭০ বোতল ফেয়ারডিল, ৪৯ বোতল এমকেডিল, ৪০৬ পিস ট্যাপেন্টাডল, ৩১ লিটার কেরু মদ, ৯১ দশমিক ৩ লিটার দেশি মদ এবং ৬০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বগুড়া এসআরবি-১২ সিপিএসসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বগুড়া উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। বগুড়ার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা সীমান্তবর্তী হওয়ায় সেসব জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে দেশে মাদক প্রবেশ করে। পরবর্তী সময়ে এসব মাদক বগুড়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। একারণে মাদক কারবারিরা বগুড়াকে মাদক পরিবহনের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি স্থানীয় অনেক মানুষও সহজে প্রলুব্ধ হয়ে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বগুড়ার বিভিন্ন মাদক স্পট ও হটস্পট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। এমনকি গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়াচ্ছেন কি না, কিংবা তাদের পরিবারের অন্য কোনো সদস্য এ ব্যবসায় যুক্ত হচ্ছেন কি না, সেসব বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
ফিরোজ আহমেদ বলেন, ২০২৬ সালে এসআরবি, বগুড়া প্রায় শতাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাম্মেল হক বলেন, মাদক সহজলভ্য হওয়ায় তরুণ তরুণীরা বিপথগামী হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে। একই সঙ্গে অনলাইনভিত্তিক বেচাকেনা বন্ধেও নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই সচেতন হলে মাদক নির্মূল করা সম্ভব।
নিয়ন্ত্রণে আসবে কবে
বগুড়ায় একের পর এক অভিযান, মামলা ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পরও বন্ধ হচ্ছে না মাদকের বিস্তার। বরং স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরও অনেক এলাকায় আগের মতোই ফিরে আসছে মাদক কেনাবেচা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে জনবহুল বাজার ও আবাসিক এলাকায় মাদকের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান ও গ্রেপ্তারে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকের উৎস, সরবরাহব্যবস্থা, অর্থের জোগানদাতা এবং মূল কারবারিদের শনাক্ত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় মাদকের বিস্তার ভবিষ্যতে আরও ভয়াবহ সামাজিক সংকট তৈরি করতে পারে।






আপনার মতামত লিখুন