আলোচনা চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম : ট্রাম্প
“ইরান নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকেই পছন্দ করেননি।”
সংগৃহীত ছবি
সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে চললে ইরানে মার্কিন বাহিনীর নতুন করে হামলা বা সামরিক অভিযান পরিচালনা করার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “এটি (সম্ভাব্য নতুন হামলা) নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। সহজ কথায়, (ইরান চুক্তি স্বাক্ষরে রাজি থাকলে) এমন হামলার প্রয়োজন পড়ার সম্ভাবনা খুবই কম।”
সিএনএন অবশ্য জানায়নি যে ঠিক কী প্রশ্ন ট্রাম্পকে করা হয়েছিল। তবে ট্রাম্প জানিয়েছেন যে, যদি হামলা পুনরায় শুরু হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগত সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে রেখেছে—যার মধ্যে ৩৮টি সেতু রয়েছে। সেই সেতুগুলোকে প্রথম ‘টার্গেট’ করা হবে।
“আমরা আক্ষরিক অর্থেই এক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলো ধ্বংস করে দিতে পারি”, সিএনএনকে বলেছেন তিনি।
এদিকে রোববার স্থানীয় সময় বিকেলের দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে। এই সামরিক অভিযানের লক্ষ্য হলো স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে তেহরানে উন্নত অস্ত্রশস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ বন্ধ করা।
গত সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে, ট্রাম্পের উত্তরসূরি হিসেবে বিবেচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে লিখেছেন, “আমরা হেরেছি কারণ আমরা যুদ্ধ করছি।”
রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকেই পছন্দ করেননি।”






আপনার মতামত লিখুন