শ্রমিক আন্দোলন: অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর, সমন্বয়ে আলিফ-জুয়েল
মিছিলে ৫০০, আগুনে ১০ হাজার টাকা
ছবি-সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে পুলিশ।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বিদেশে বসে এই অর্থের জোগান ও নির্দেশনা দিচ্ছেন; আর ঢাকায় তাদের হয়ে লোক সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লাহ এবং জাহাঙ্গীরের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল।
পুলিশের দাবি, শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, মিছিল করা, টায়ারে আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য আলাদা অঙ্কের টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কাজের প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়া হতো। গত রোববার মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, মিরপুর-পল্লবী এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং জাহাঙ্গীর আলম মিরপুরের পোশাকশিল্পে অস্থিরতা তৈরিতে অর্থায়ন করছেন। এসএম মান্নান কচি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি। অন্যদিকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পদ হারিয়ে আলোচনায় এসেছিলেন জাহাঙ্গীর আলম। ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মিছিলে ৫০০, আগুনে ১০ হাজার টাকা
ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শ্রমিকের ছদ্মবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিতে বলা হয়েছিল। আত্মগোপনে থাকা বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নির্দেশনায় নাশকতার জন্য লোকজন জড়ো করা হয়।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নিলে ৫০০ থেকে ১ হাজার টাকা, টায়ারে আগুন দিলে ৩ হাজার টাকা এবং গাড়ি বা কোনো স্থাপনায় আগুন দিলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য কোথাও কোথাও ৬ থেকে ১০ হাজার টাকা দেওয়ার তথ্যও পেয়েছেন কর্মকর্তারা। কাজের প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও পাঠানো ছিল টাকা পাওয়ার অন্যতম শর্ত। কয়েকজন গ্রেপ্তার ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেয়েছেন বলেও দাবি ডিবির।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ১১ জনের মধ্যে কেউ রংমিস্ত্রি, কেউ রিকশাচালক, কেউ রিকশার গ্যারেজে কাজ করেন; কেউ বা ফুটপাথের দোকানি। তাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসে ভিন্ন ভিন্ন নামে ২০ থেকে ২৫টি গ্রুপের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এসব গ্রুপে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছবি ও ভিডিও পাঠিয়ে নিজেদের অবস্থান এবং তৎপরতার তথ্য দিতেন। গ্রেপ্তারকৃতদের মোবাইলে কাছ থেকে আগুনের ভিডিও করা ফুটেজ পাওয়া গেছে। ডিবি পুলিশ ওই পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সময় বেশ কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পেয়ে পরে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবির হাতে গ্রেপ্তার ১১ জন হলেন মাহবুবুর রহমান জুয়েল (৩৮), মো. কামাল গাজী (৩২), মো. ওলীউল্লাহ অনিক (২০), আলিফ হোসেন ইমন (২৬), মো. নাহিদ হাসান (১৮), আরিফ আকন্দ (২৯), মো. রমজান সরকার (১৮), মোয়াজ্জেম শাহরিয়ার ওরফে নিয়াজ (২৬), জুবায়ের ইসলাম জিসান (২২), আরিফ (১৮) ও মাহিম মোল্লা (১৮)।
মাঠপর্যায়ে সমন্বয়ে আলিফ ও জুয়েল
ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিদেশ থেকে বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে নির্দেশনা দিতেন এসএম মান্নান কচি, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস মোল্লা। ঢাকায় তাদের হয়ে লোকবল সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছিলেন ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এবং জাহাঙ্গীরের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল। জুয়েলের গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীরের সহকারী হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লাকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে ডিবি।






আপনার মতামত লিখুন