খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, ডিসেম্বরের আগে প্রাদুর্ভাব কমার লক্ষ্য কম

রয়টার্সের প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, ডিসেম্বরের আগে প্রাদুর্ভাব কমার লক্ষ্য কম

ছবি-সংগৃহীত

বাংলাদেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বছরের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে অক্টোবরে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, আগামী ডিসেম্বরের আগে এই প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত ৩০ অক্টোবর পর্যন্ত তথ্যানুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১৮ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি রোগী। কেবল অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৩ জন, যা সেপ্টেম্বরের ১৪৮ জনের মৃত্যুর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।  চলতি বছরে এই মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ একই সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের বিরুদ্ধেও লড়াই করছে। এতে ইতোমধ্যে ১২ শ বেশি শিশুর মৃত্যু হয়েছে। ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

হাসপাতালগুলোতে তীব্র চাপ

চিকিৎসকরা জানিয়েছেন, অনেক ডেঙ্গু রোগী শরীরে মারাত্মক জটিলতা তৈরি হওয়ার পরই কেবল হাসপাতালে ভর্তি হতে আসছেন। ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মির্জা গোলাম সারওয়ার জানান, একদিনেই নতুন ৬৭ জন রোগী ভর্তির পর বর্তমানে সেখানে ২৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আমরা অনেক রোগীকে শক সিন্ড্রোম অবস্থায় পাচ্ছি। অনেক সময় তাদের রক্তচাপ এত কম থাকে যে তা পরিমাপ করা যায় না এবং অক্সিজেনের মাত্রাও আশঙ্কাজনকভাবে নেমে যায়।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ বি এম আবদুল্লাহ জানান, বারবার ডেঙ্গু হওয়া এবং দেরিতে রোগ ধরা পড়া ও চিকিৎসা শুরু করাই মৃত্যুর মূল কারণ।

এই চিকিৎসক বলেন, যারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তারা পুনরায় আক্রান্ত হলে তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি। তিনি অবিলম্বে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

ঢাকার বাসিন্দা ৩৩ বছর বয়সী ফয়সাল ফেরদৌস ২০১৭, ২০২৪ এবং চলতি মাসের শুরুতে মোট তিনবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেরদৌস বলেন, এবার আমার এবং আমার স্ত্রী—উভয়েরই হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছিল।

ফেরদৌস জানান, তাদের পাঁচ বছরের ছেলে অন্য একটি রোগে হাসপাতালে ভর্তি ছিল। সেখানে টানা কয়েক দিন থাকার পরপরই তারা দুজন অসুস্থ হয়ে পড়েন।

ঢাকার এই বাসিন্দা বলেন, প্রতিবার ডেঙ্গু হওয়া যেমন যন্ত্রণাদায়ক ছিল, তেমনি বারবার আক্রান্ত হওয়ায় বড় কোনো বিপদের আশঙ্কায় ভয়ও পাচ্ছিলাম।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপেরই সক্রিয় উপস্থিতি গুরুতর রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এক স্ট্রেইনে আক্রান্ত ব্যক্তি পরবর্তীতে অন্য স্ট্রেইনে সংক্রমিত হতে পারেন, যা শারীরিক জটিলতা বাড়ায়। বাংলাদেশ দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে ডেঙ্গু টিকা চালুর বিষয়ে চিন্তাভাবনা করলেও এখন পর্যন্ত টিকা দেওয়া শুরু করেনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘায়িত ডেঙ্গু মৌসুম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, অক্টোবরের হারে নভেম্বরে মৃত্যু বাড়ার সম্ভাবনা না থাকলেও সংক্রমণ পুরো নভেম্বর জুড়েই থাকবে।

তিনি বলেন, আমরা হয়তো কিছু স্বস্তি দেখতে পারি, তবে নভেম্বরেই ডেঙ্গু পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা নেই। প্রাদুর্ভাব কমলেও তা হবে খুব সামান্য, আর ডিসেম্বরের আগে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ার আশা কম।

কবিরুল বাশার আরও জানান, আগে বৃষ্টি হওয়ায় যেসব জায়গায় পানি জমেছিল, আবহাওয়া শুষ্ক হয়ে এলেও সেখান থেকে নতুন করে মশা জন্ম নেওয়া থামছে না। ফলে ডেঙ্গুর বিস্তারও কমছে না। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই বৃষ্টি ও আর্দ্রতায় অনিয়ম দেখা দিচ্ছে, যা মশার প্রজননের সময় বাড়িয়ে দিচ্ছে এবং এডিস মছাকে দীর্ঘ দিন ধরে সক্রিয় রাখছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি