খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসরায়েলে নির্বাচন : অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু

এবারের নেসেট নির্বাচন খানিকটা হলেও আলাদা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
ইসরায়েলে নির্বাচন : অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু

ছবি-সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার। ওয়েস্ট মিনিস্টার বা পার্লামেন্টারি শাসনব্যবস্থার অধীন ইসরায়েলে অতীতেও নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও হবে; তবে মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এবারের নেসেট নির্বাচন খানিকটা হলেও আলাদা।

কারণ, এবারের নির্বাচন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে টিকে থাকার লড়াই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলা ঠেকাতে ব্যর্থতা, গাজায় নিষ্ঠুর ও দীর্ঘ সামরিক অভিযান পরিচালনা করা, ইরানের সঙ্গে যুদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ তাকে বহু আগেই বিচারের কাঠগড়ায় তুলেছেন। এই অংশটি যদি কোনো কারণে সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে আপাতভাবে বলা যায় যে এই নির্বাচনের মধ্যে দিয়েই নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে।

তবে এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে ১৯ বছর ধরে ক্ষমতায় থাকা এই ঝানু ইসরায়েলি রাজনীতিবিদ রাজনৈতিকভাবে টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। দেশটিতে জাতীয়তাবাদী রাজনীতি ক্রমশ শক্তিশালী হয়েছে এবং নির্বাচনের ফলাফল যদি তার পক্ষে পুরোপুরি না-ও যায়, তাহলেও  ইসরায়েলের খণ্ডিত রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠনের জন্য তিনিই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।

এবারের নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটারদের কাছে গ্রহনযোগ্যতার নিরিখে নেতানিয়াহু এবং আইজেনকোট প্রায় সমানে সমান অবস্থানে রয়েছেন।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেটের সঙ্গে জোট বেঁধেছেন আইজেনকোট এবং জনমত জরিপ বলছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের ডানপন্থী মিত্রদের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সাবেক সেনাপ্রধান আইজেনকোট নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার পেছনে ইসরায়েলের ডানপন্থী ও মধ্যপন্থী—উভয় শিবিরেরই সমর্থন রয়েছে।

নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণায় যুদ্ধকালীন নেতৃত্ব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মিত্রতার ওপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন জানিয়েছেন এবং ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। রোববার নেতানিয়াহু দাবি করেছেন, ট্রাম্প ইরানের হুমকিকে ‘চিরতরে’ নির্মূল করতে আবারও পদক্ষেপ নিতে প্রস্তুত—তবে তা কেবল তখনই সম্ভব, যদি নেতানিয়াহু ক্ষমতায় থাকেন।

অপরদিকে আইজেনকোটের অভিযোগ, নেতানিয়াহু ‘ভীতি প্রদর্শন, মিথ্যাচার ও হুমকির ওপর ভিত্তি করে’ প্রচারণা চালাচ্ছেন। তিনি আরও বলেছেন, ট্রাম্প নিশ্চয়ই ‘জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতার সঙ্গেই পূর্ণ সহযোগিতার ভিত্তিতে’ কাজ করবেন।

জনমত জরিপে ইসরায়েলের উগ্র ডানপন্থি নেতা ইতামার বেন গিভরের রাজনৈতিক দল জিউইশ পাওয়ারের জনপ্রিয়তা বাড়তে দেখা গেছে। বিভিন্ন জরিপের ফলাফল বলছে, নেতানিয়াহু যদি জয়ী হলেও তার দল লিকুদ পার্টি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য তাকে নির্ভর করতে হবে দুই কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গভির ও বেজালেল স্মোৎরিচের ওপর। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাও রয়েছে এ দুই নেতার ওপর।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি