খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে মানুষ

ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে মানুষ

ছবি-সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নিউমার্কেট, মতিঝিলসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল কার্যত স্থবির হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসী। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ভোর থেকেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইমার্জেন্সি রেসপন্স টিম।

মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, পল্টন কালভার্ট রোড, মালিবাগ, মৌচাক ও কাকরাইলের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক পানিতে তলিয়ে আছে। কোথাও কোথাও পানির উচ্চতা এতটাই বেশি যে রিকশা ও অন্যান্য যানবাহনের চাকা প্রায় ডুবে যাচ্ছে। ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার পানিতে অনেক সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে এবং চালকদের তা ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।

রিকশা ও ভ্যানচালকেরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারছেন না। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীতে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে। অন্যদিকে দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।

রামপুরা এলাকার মহিমা আক্তার নামের এক ভুক্তভোগী বলেন, ‘বৃষ্টির পর রাস্তায় পানি জমে যাওয়ায় সকাল থেকেই চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহনও স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে অল্প দূরত্বের পথ পাড়ি দিতেও অনেক বেশি সময় লাগছে। হেঁটে যে যাব, রাস্তায় অনেক পানি থাকায় সেই অবস্থাও নেই।’

মৌচাক এলাকার পথচারী লিটন মাহমুদ বলেন, ‘রাস্তায় পানি জমে থাকায় হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।’

মতিঝিলে সাজেদুর রহমান নামের এক পথচারী বলেন, ‘ভোরে বৃষ্টি হলেও এখনো মতিঝিল এলাকায় জলাবদ্ধতা রয়ে গেছে। কোথাও হাঁটুপানিও আছে। অফিসপাড়াখ্যাত মতিঝিলে মানুষ চলাফেরা করতে পারছে না।’

সিএনজিচালক এরশাদ আলী বলেন, ‘সকাল থেকে ঢাকার প্রায় এলাকায় দেখলাম জলাবদ্ধতা হয়ে আছে। এখন মতিঝিলে এসেও দেখলাম ডুবে আছে পুরো এলাকা। বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে সিএনজির ইঞ্জিন বিকল হয়ে ঠেলে নিয়ে যেতে দেখেছি।’

জলাবদ্ধতার কারণে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে পানি নিষ্কাশন না হওয়ায় তাঁদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মামুনুর রশীদ বলেন, ‘বৃষ্টিপাতের পর সকাল থেকেই মালিবাগ, মৌচাক ও কাকরাইল এলাকা হয়ে খিলগাঁও এলাকার রাস্তায় সম্পূর্ণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাস্তায় নেমে কষ্ট করে যাচ্ছি, কিন্তু পরিস্থিতির উন্নতি করতে পারছি না। যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। এসব রাস্তার এক লেন দিয়েও যান চলাচল করানো যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনকে বারবার অনুরোধ করেছি তারা যেন এসে অন্তত ম্যানহোলের ঢাকনাগুলো খুলে দেয় বা পরিষ্কার করে দেয়, যাতে করে পানি নিষ্কাশন হতে পারে। কিন্তু তারা কোনো কিছুই করছে না। এখন রাস্তা থেকে যদি পানি না সরে, যান চলাচল ব্যবস্থার উন্নতি আমরা কীভাবে করব? সকাল থেকে কষ্ট করছি, কিন্তু আসলে কোনো সুবিধা দিতে পারছি না।’

এদিকে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান বলেন, ‘রোববার ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতের ফলে ডিএসসিসির আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর এ সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

তিনি জানান, ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করা এবং পানি নিষ্কাশনের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছেন। অতি দ্রুত পানি অপসারণ করে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। সকাল থেকেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মাঠে রয়েছেন ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জন্য ডিএসসিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে। নগরবাসীর সুরক্ষায় জরুরি সতর্কবার্তা জানিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘রাস্তায় যেকোনো উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ পোল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জলমগ্ন রাস্তায় ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে; তাই পথচারী ও চালকদের সাবধানে চলাচল করার অনুরোধ করা হচ্ছে।’ জরুরি প্রয়োজনে বা জলাবদ্ধতাসংক্রান্ত তথ্যের জন্য ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি