বলাখাল জেএন হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক সচিব ফারুক হোসেন
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও উন্নয়নে কাজ করার প্রত্যয় সাবেক এই কৃতী শিক্ষার্থীর
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বলাখাল জেএন হাইস্কুলের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সরকারের সাবেক সচিব মোঃ ফারুক হোসেন। গত ৪ জুন ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে। ৪ সদস্যবিশিষ্ট এই নবগঠিত এডহক কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রণজিৎ চন্দ্র পাল এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ মজিবুর রহমান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
জানা গেছে, নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক সচিব ফারুক হোসেন বলাখাল জেএন হাইস্কুলেরই একজন কৃতী সাবেক ছাত্র। তিনি ১৯৭৬ সালে এই বিদ্যালয় থেকেই কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তাঁর স্থায়ী নিবাস হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে।
ছাত্রজীবন সম্পন্ন করার পর ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন ফারুক হোসেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অর্থ বিভাগসহ অন্তত ১০টি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা পর্যায় এবং একটি আন্তর্জাতিক সংস্থায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সরকারি ক্রয় (Public Procurement) এবং পিপিপি (Public-Private Partnership) বিষয়ে বিদেশ থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি দেশের একজন প্রথিতযশা সরকারি ক্রয়, পিপিপি ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সরকারের সচিব পদ থেকে অবসর গ্রহণের পর বর্তমানে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় শীর্ষস্থানীয় পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
নিজের স্মৃতিবিজড়িত মাতৃসম বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েছেন ফারুক হোসেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে আমি যেন পুনরায় আমার প্রিয় স্কুলেই ফিরে এসেছি। পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্কুলের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে আমি আন্তরিকভাবে কাজ করার সুযোগ পাব বলে আশা রাখি।”
এদিকে জনাব ফারুক হোসেনের মতো একজন দক্ষ ও উচ্চপদস্থ সাবেক আমলাকে বিদ্যালয়ের সভাপতি করায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক মহল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা ও সন্তোষ দেখা গেছে।






আপনার মতামত লিখুন