জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। বিকেলে নতুন কোচকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানেই তিনি কিছু কথা বলেছেন নতুন দায়িত্ব ও লক্ষ্য নিয়ে।
ডুলি বলেছেন, ‘এশিয়ায় বহু বছর কাজ করেছি। আমার মনে আছে, যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় হিসেবে আমরা চীন এবং কোরিয়া বা জাপানে গিয়েছিলাম। তখন আমি এশিয়া সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না। ভাবছিলাম—আমি জানি না এখানে কাজ করতে পারব কি না। এরপর আমি ফিলিপাইন সম্পর্কে জানতে পারি এবং দেশটির জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার সব জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়। আমি সত্যিই এ অঞ্চলে আবারও কাজ করতে চেয়েছিলাম। এরপর আমি দক্ষিণ আমেরিকায় আরেকটি দায়িত্ব পাই; সেখানকার সংস্কৃতি এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমি অনেক দেশ দেখেছি, তবে মনে মনে সবসময় এশিয়ায় ফিরে আসার স্বপ্ন দেখতাম।’
বাংলাদেশের কোচ হিসেবে নিজের লক্ষ্যের কথাও বলেছেন ডুলি, ‘আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’






আপনার মতামত লিখুন