৩৩ বছরে ‘দে-ছুট’ ভ্রমণ সংঘ: আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ভ্রমণ সংগঠন ‘দে-ছুট’ ভ্রমণ সংঘ ৩৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দীর্ঘ তিন দশকের এই পথচলায় দেশের পর্যটন শিল্পকে উৎসাহিত করতে সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দে-ছুট ভ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “১৯৯৩ সাল থেকে ২০২৬ পর্যন্ত এই দীর্ঘ পথচলায় যারা সঙ্গী ছিলেন, সেই সব নবীন-প্রবীণ সদস্য ও ভ্রমণ বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও ভ্রমণের প্রতি অদম্য স্পৃহা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”
অনুষ্ঠানে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের মিলনমেলা পরিনত হয়। সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতার ভিত্তিতে সদস্যদের বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়।
উক্ত আনন্দঘন আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বাংলা’র সম্পাদক ও বিশিষ্ট লেখক শাহরিয়ার পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ডেইলি ইন্ডাস্ট্রি’ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সুমেল সরকার, জিয়াউল কাদের, রণি মৃধা, শফিকুল নাদিম, রাশেদ ভূইয়া এবং এডভোকেট নাজমুল হোসাইন (বিবেক)। দে-ছুট ভ্রমণ সংঘের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং দেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলোকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করতে দে-ছুট যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। আগামীতে এই সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের পর্যটনকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কেক কাটা, স্মৃতিচারণ এবং প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






আপনার মতামত লিখুন