নিজেদের পণ্য রপ্তানি বন্ধ করল ইরান
যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় নিজেদের স্টিল খাতকে সুরক্ষা দিতে সাময়িকভাবে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী ৩০ মে পর্যন্ত দেশটি স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি স্থগিত রাখবে।
সোমবার (২৭ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ড–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের এক নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে দেশটির স্টিল শিল্প চাপে পড়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
এদিকে, ইরানের স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট-রোলড শিট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাস কাঁচামাল ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরানকে ঘিরে উত্তেজনা মোকাবিলায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ইরান ইন্টারন্যাশনাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাব বিবেচনায় এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও অংশ নেবেন।
এদিকে, পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে বলেন, অতিরিক্ত শর্ত আরোপের কারণেই সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সম্ভাব্য আলোচনা কোন শর্তে এগোতে পারে, সে বিষয়েও কথা হয়েছে বলে জানান তিনি।
হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা একটি বৈশ্বিক ইস্যু। এ বিষয়ে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।






আপনার মতামত লিখুন