সরকারের মূল লক্ষ্য মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী
যশোরে বহুল প্রত্যাশিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনগণকে সুস্থ জীবনযাপনে সচেতন করা। তিনি উল্লেখ করেন, একটি উন্নত দেশ গড়তে হলে সুস্থ জনগোষ্ঠী অপরিহার্য।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা সম্ভব এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৫০টি শয্যা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যা এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।






আপনার মতামত লিখুন