ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খোঁজে জলাশয়ে দেহাবশেষ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান করতে গিয়ে একটি জলাশয় থেকে মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া দেহাংশটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, টাম্পা বে এলাকার একটি জলাশয় থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি পিনেলাস কাউন্টির টাম্পা অন্তর্ভুক্ত, যেখানে তদন্তকারীরা বৃষ্টির খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন।
হিলসবরো কাউন্টি শেরিফের জানায়, ইন্টারস্টেট-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকা, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি, সেখান থেকেই দেহাংশটি উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা ধারণা করছেন, ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টি আর জীবিত নেই। তিনি গত সপ্তাহে একই বয়সী জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ হন। এর আগে শুক্রবার টাম্পার একটি সেতুর কাছ থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমনের সহবাসী ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি জামিন ছাড়াই আটক রয়েছেন।
আদালতে দাখিল করা নথিতে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটে মরদেহ গোপন করার উপায়, গাড়ির পরিচয় পরিবর্তন এবং অবৈধ অস্ত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছিলেন।
এছাড়া, ঘটনার রাতে তার মোবাইল ফোনের অবস্থানও ওই সেতু সংলগ্ন এলাকায় শনাক্ত করা হয়, যেখানে পরবর্তীতে লিমনের মরদেহ পাওয়া যায়।
ফরেনসিক প্রতিবেদনে লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। ময়নাতদন্তে ঘটনাটিকে হত্যা হিসেবে নিশ্চিত করা হয়েছে। তদন্তকারীরা তাদের বসবাসের অ্যাপার্টমেন্টে রাসায়নিক ব্যবহার করে ব্যাপক রক্তের দাগ শনাক্ত করেছেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনার ভয়াবহতা বিবেচনায় অভিযুক্তকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি ও লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল টাম্পা এলাকায় দেখা যায়। পরদিন থেকেই তারা নিখোঁজ ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, মরদেহ গোপন ও প্রমাণ নষ্টের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তাকে আগামী মঙ্গলবার আবার আদালতে হাজির করা হবে।






আপনার মতামত লিখুন