ব্যাংক লুটপাটে ছাড় নয়, পাচারকৃত অর্থ ফেরাতে জোর তৎপরতাঃ অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির অর্থনৈতিক নীতিতে কোনো ধরনের আপস বা সমঝোতার সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে অর্থ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে দেশ-বিদেশে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিদেশি পেশাদার সংস্থাও নিয়োগ করা হয়েছে।
তিনি জানান, অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘মিউচুয়াল লিগাল অ্যাসিসট্যান্স’ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে অনুরোধ পাঠানো হয়েছে। এস আলম গ্রুপ-এর ক্ষেত্রে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুরে এবং বেক্সিমকো গ্রুপ-এর ক্ষেত্রে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে আইনি সহায়তা চাওয়া হয়েছে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি, সিসিআই ও শুল্ক গোয়েন্দাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল ইতোমধ্যে আদালতে মামলা করেছে। বিদেশে সম্পদ শনাক্তে চারটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে তথ্য পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ ফেরত আনা সম্ভব হবে। তাই চলতি অর্থবছরে কত টাকা উদ্ধার হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।






আপনার মতামত লিখুন