মুকসুদপুরে জমি নিয়ে সংঘর্ষ, মামলা ১৪ জনের বিরুদ্ধে
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা এলাকায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ফিরোজ মাতব্বর (৬৫)-কে প্রধান আসামি করে মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলা নং–১৩, তারিখ ১৫ এপ্রিল ২০২৬। ঘটনাটি ঘটে দিগনগর ইউনিয়নের বাক্সখোলা গ্রামে।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১৪ এপ্রিল সকালে একদল লোক সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন করিম শেখ, রুবিনা বেগম, সিয়াম শেখ, সবেদ আলী ও সুমাইয়া বেগম। গুরুতর আহত করিম শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় রুবিনা বেগমের গলার আড়াই ভরি স্বর্ণের চেইন এবং সুমাইয়া বেগমের আট আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং নগদ অর্থ লুটের ঘটনাও ঘটে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ঘটনার পর থেকে আসামিরা হুমকি-ধমকি দিচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন