প্রবাসের দূরত্বে ভাঙল সংসার, প্রেমের টানে অনশনে স্ত্রী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রেমের সম্পর্ক ও দাম্পত্য জীবনের দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি আলোচিত ঘটনা ঘটেছে। সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী স্বামীর স্ত্রী অনশন শুরু করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সৌদি প্রবাসী মমিনের সঙ্গে ২০১৬ সালে ভাটারা ইউনিয়নের তিশা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্বামী বিদেশে থাকার সময় তিশা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে গত বুধবার (১৫ এপ্রিল) রাতে তিনি সিয়ামের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিয়াম মিয়ার বাড়িতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সঙ্গেও জড়িত একটি বিষয়। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন