জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার ঘোষণা দিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দেশের জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই সেবার কার্যক্রম শুরু করা হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, ইতোমধ্যে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে এবং জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ১২০৪ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আরও ১৫০০ কিলোমিটার খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার ও এনজিওদের সমন্বয় করা হবে।
শিক্ষা খাতেও বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ বছর ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২৩৩৬টি কারিগরি এবং ৮২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে। খেলাধুলার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় নির্ধারিত আকারে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তি খাতের উন্নয়নে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশে PayPal-এর কার্যক্রম চালুর বিষয়েও কাজ চলছে।
প্রধানমন্ত্রী আরও জানান, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে, যার আওতায় প্রাথমিকভাবে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।
এছাড়া বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে, বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়া সহজ করা হয়েছে।
জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সরকারি চাকরির ক্ষেত্রেও বড় নিয়োগ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন