পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে বিশেষ বিধিনিষেধ
পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকে যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল এবং উদয়ন স্কুল—এই পাঁচটি প্রবেশপথ সোমবার রাত ১০টা থেকে সাধারণের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে শাহবাগ ও নীলক্ষেত গেট মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে খুলে দেওয়া হবে, আর দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল গেট দুপুর ১২টার পর উন্মুক্ত করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ে নীলক্ষেত ছাড়া উদয়ন স্কুল সংলগ্ন প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে ঢুকতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট দিয়ে প্রবেশ করতে পারবে। জরুরি সেবা—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশের অনুমতি পাবে না।
নববর্ষের দিন বিকাল ৫টা থেকে আবারও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় শুধুমাত্র ভেতরে অবস্থানরত ব্যক্তিরা বের হতে পারবেন, নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, ১৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সব অনুষ্ঠান শেষ করতে হবে। এর পর কোনো ধরনের আয়োজন করা যাবে না।






আপনার মতামত লিখুন