মধ্যপ্রাচ্য সংকটে সতর্ক অবস্থান নিয়েছে জাপান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সতর্ক অবস্থান নিয়েছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা কিহারা জানিয়েছেন, পরিস্থিতির প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টোকিও।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক তৎপরতা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি—সবকিছুর ওপরই জাপান নজর রাখছে।
কিহারা জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি দ্রুত শান্ত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। হরমুজ প্রণালিতে সম্ভাব্য মাইন অপসারণ বা সামরিক অভিযানে জাপান অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে জাপানসহ অনেক দেশই সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট তৈরি করতে পারে—এমন আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে—এমন আশা এখন অনেকটাই ক্ষীণ।
বিশেষ করে হরমুজ প্রণালির মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ফলে বিকল্প উৎস খোঁজার দিকে ঝুঁকছে এশিয়ার বড় অর্থনীতিগুলো।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হিলিয়াম আমদানি শুরু করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানের সঙ্গে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা চালাচ্ছে, যাতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো যায়।






আপনার মতামত লিখুন