ইরানের সমুদ্রবন্দরে অবরোধ ঘোষণা যুক্তরাষ্ট্রের
বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের সব সমুদ্রবন্দরে অবরোধ কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। এমনটাই জানিয়েছে আলজাজিরার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এদিন সকাল থেকেই ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব জাহাজ নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় থাকবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও প্রভাব পড়তে পারে।
তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। এতে বোঝা যাচ্ছে, অবরোধটি পুরোপুরি নয়, বরং সীমিত পরিসরে কার্যকর করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দিলেও বর্তমান সামরিক অবস্থান কিছুটা ভিন্ন। এতে পরিস্থিতি নিয়ে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে।
এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারের ওপরে উঠে যায়। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ইরান এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, তাদের জলসীমার কাছাকাছি কোনো সামরিক জাহাজ এলে কঠোর জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই সিদ্ধান্ত এসেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে তার বড় প্রভাব পড়তে পারে।






আপনার মতামত লিখুন