স্বচ্ছ আইন প্রণয়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, বিএনপি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সময়োপযোগী আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে আইনগুলোকে আরও কার্যকর ও আধুনিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়। পরে এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সর্বসম্মতিক্রমে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়।
তিনি বলেন, বিশেষ কমিটি যাচাই শেষে ২ এপ্রিল সংসদে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী আরও জানান, উপস্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে ৯৭টি হুবহু আইনে রূপান্তর করা হয়েছে। এছাড়া ১৩টি সংশোধনসহ পাস হয়েছে এবং ৭টি অধ্যাদেশ বাতিল ও সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ পরবর্তী সময়ে আরও পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
তিনি উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সমালোচকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিএনপি শক্তিশালী মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারপতি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। জনগণের যৌক্তিক দাবি পূরণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।






আপনার মতামত লিখুন