হরমুজে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণ অভিযান
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ। মার্কিন কর্তৃপক্ষ বলছে, প্রণালিতে পাতা সমুদ্র মাইন অপসারণের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে, যদিও এই দাবি সরাসরি নাকচ করেছে ইরান।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে—তাদের ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন ও ইউএসএস মাইকেল মারফি প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে।
মার্কিন পক্ষের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইজিসি) সমুদ্রপথে যে মাইন বসিয়েছে, তা অপসারণের বৃহত্তর মিশনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার একে চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, নতুন নিরাপদ নৌপথ তৈরির কাজ চলছে।
তবে ইরান এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে এবং অনুমতি ছাড়া কোনো বিদেশি সামরিক উপস্থিতি সহ্য করা হবে না।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এ পথ আংশিকভাবে অচল হয়ে পড়ায় জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে, একই সময়ে ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে উত্তেজনা কমতে পারে, তবে পারমাণবিক কর্মসূচি ও প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।






আপনার মতামত লিখুন