শিক্ষাখাতে বাজেট বাড়ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাখাতে আগামী দিনে বাজেট আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই বাড়তি অর্থ যথাযথ খাতে সঠিকভাবে ব্যয় করতে হলে অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের কোনো বিকল্প নেই। বিশেষ করে দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এ খাতে আরও বিনিয়োগ ও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি জানতে চান। এতে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না হওয়া, পরীক্ষায় বিলম্ব, এবং কারিকুলাম ও সিলেবাসের মধ্যে অসামঞ্জস্যসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাজেট বাড়লেও তার সঠিক ব্যবহার নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। কোন খাতে কতটা ব্যয় হবে তা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষা উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ খাতকে অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন