মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন অজয় বাঙ্গা, বিশ্বব্যাংক-এর প্রেসিডেন্ট।
শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। আর সংঘাত দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মাত্রা আরও বেড়ে যাবে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ক্ষতি প্রায় ১ শতাংশে পৌঁছাতে পারে। একইসঙ্গে মূল্যস্ফীতিও উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৬৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ৪ শতাংশ ছিল। পরিস্থিতি খারাপ হলে এই হার ২.৬ শতাংশে নেমে আসতে পারে।
অন্যদিকে, এসব দেশে মূল্যস্ফীতি ২০২৬ সালে ৪.৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগে ৩ শতাংশ ধরা হয়েছিল। চরম পরিস্থিতিতে তা ৬.৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছে। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিই প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, একটি সফল চুক্তির অর্থ হবে—ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই পুনরায় চালু হবে।






আপনার মতামত লিখুন