যুদ্ধবিরতির পর স্বাভাবিক হরমুজ রুট
যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর আবারও চালু হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি। বুধবার (৮ এপ্রিল) চুক্তির পরপরই এই প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়।
বার্তাসংস্থা এএফপি জানায়, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর প্রথম দুটি জাহাজ সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে। এর মধ্যে একটি ছিল গ্রিসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘ডেটোনা বিচ’।
মেরিন ট্রাফিক জানিয়েছে, ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক সময় সকাল ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি পার হয়। অপরদিকে ‘ডেটোনা বিচ’ ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ অতিক্রম করে।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয় ইরান। এর ফলে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোকে ইরানকে টোল প্রদান করতে হবে। যদিও প্রণালির প্রবেশমুখে অবস্থিত ওমান প্রথমে টোল নেওয়ার কথা জানালেও পরে তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলার পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যুদ্ধের আগে এটি আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হওয়ায় এখানে চলাচলকারী জাহাজ থেকে কোনো দেশ ফি নিত না।
বর্তমানে যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন টোল ব্যবস্থার কারণে বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়ে গেছে।






আপনার মতামত লিখুন