বাদশাহর ক্ষমা ও বিশেষ গানের বার্তা
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ তার নিজের গাওয়া ‘টাটেরি’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণে অবশেষে ক্ষমা চেয়েছেন। গানটিতে অশ্লীল শব্দচয়ন ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগ ওঠার পর মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় মহিলা কমিশনের সামনে তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুনানির সময় বাদশাহ কমিশনের প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে ইচ্ছুক। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তাছাড়া, বাদশাহ ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকারও করেছেন।
উল্লেখ্য, গত মার্চে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অশালীন ও আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে।
এরপর বিতর্কিত গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিষয় এখানেই শেষ হয়নি। হরিয়ানায় বাদশাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ এবং তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে র্যাপারকে বড় ধরনের শাস্তি ভোগ করতে হতে পারে।






আপনার মতামত লিখুন