ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে মার্কিন আকাশে উড়ল ‘ডুমসডে প্লেন’
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন আকাশে দেখা গেছে রহস্যময় ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান।
সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি চক্কর দিতে দেখা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি অন্তত ছয়বার চক্কর দিয়ে আবার অবতরণ করেছে।
এই বিশেষ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জরুরি জাতীয় নিরাপত্তা পরিস্থিতিতে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য আকাশভিত্তিক পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এতে রয়েছে তিনটি ডেক, ১৮টি বাঙ্ক, কনফারেন্স রুম, কমান্ড রুম, ৬৭টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনা, যা বিশ্বজুড়ে যোগাযোগ নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের চারটি এমন বিমান রয়েছে, যা নিয়মিত মহড়া দেয়। তবে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ উড্ডয়ন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিমানটির উপস্থিতি মার্কিন সামরিক প্রস্তুতির অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা দিয়েছে, আর না মানলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।






আপনার মতামত লিখুন