ইরানে মার্কিন সেই ক্রুকে উদ্ধার করলেও, উদ্ধার অভিযানে ঝুঁকিতে স্পেশাল ফোর্স
ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে শনাক্ত ও উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তাকে এখনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন সরকারি সূত্র।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানের সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ওই বিমানসেনা এখনো ইরানের ভেতরেই অবস্থান করছেন এবং তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।
মার্কিন সামরিক পরিভাষা অনুযায়ী ‘এয়ারম্যান’ শব্দটি নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তাই উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে, ভূপাতিত বিমানের পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।
বিশেষ করে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে, যেখানে নিখোঁজ পাইলট অবস্থান করতে পারেন বলে ধারণা করা হয়েছিল। এছাড়া আরেকজন ক্রু সদস্যকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে হামলা চালানোর অভিযোগও উঠেছে।
চলমান সংঘাতের মধ্যে এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।






আপনার মতামত লিখুন