আখেরি মুনাজাতে লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে শেষ হলো চরমোনাইয়ের মাহফিল
গাজীপুরের চরমোনাই মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী ফাল্গুন মাহফিল শেষ হয়েছে লাখো মুসল্লির অংশগ্রহণে। ১ এপ্রিল (বুধবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে চরমোনাই পীর বলেন, মানুষ আল্লাহর প্রতি নাফরমানি করছে। কবরের জীবন স্মরণ করে আল্লাহভীতি অর্জন করতে হবে। তিনি আলেম, মুফতি বা পীর হলেও আল্লাহভীতি ছাড়া মানুষের মূল্য নেই বলেও উল্লেখ করেন। এছাড়া তিনি আমিত্ব ও অহংকার পরিত্যাগ, রাগ নিয়ন্ত্রণ, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা, পরিবারে দ্বীনি শিক্ষা নিশ্চিত করা, নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকা এবং সকাল-সন্ধ্যা জিকির ও কোরআন তিলাওয়াতের ওপর গুরুত্বারোপ করেন।
আখেরি মুনাজাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং বিশেষ করে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননের মুসলিমদের জন্য দোয়া করা হয়। এছাড়া মাহফিলের সময় গত অগ্রহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করা চরমোনাইয়ের মুরিদদের জন্যও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। তবে দুঃখজনকভাবে, মাহফিলে অংশগ্রহণকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই মুসল্লি মারা যান। তারা হলেন, নরসিংদীর মাধবদীর কাটালিয়া এলাকার এমদাদুল হাসান (৮৬) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মো. তালহা (২২)। জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এবারের মাহফিলের সময় চরমোনাই অস্থায়ী হাসপাতাল প্রায় দুই সহস্রাধিক মুসল্লিকে চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়া মাহফিলে দুইজন অমুসলিম চরমোনাই পীরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।






আপনার মতামত লিখুন