সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ: ওয়াকআউট করল বিরোধী দল
জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা এদিন অধিবেশন ত্যাগ করেন। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি কোনো একক দলের নয়, বরং এটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। নির্বাচনের আগে সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত ছিল এবং জনগণের কাছেও এর পক্ষে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু এখন সেই প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় দেশবাসীর মতামতের যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা প্রতিকার পাইনি। এটি শুধু আমাদের নয়, জনগণের রায়ের অবমূল্যায়ন। তাই এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।”
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলকে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানান। তিনি বলেন, অধিবেশনে পরে একটি মুলতবি প্রস্তাব আসবে, যেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং উত্তর পাওয়ার সুযোগ রয়েছে।
তবে স্পিকারের অনুরোধে সাড়া না দিয়ে বিরোধীদলীয় নেতা জানান, মূল ইস্যুকে আড়াল করতে নতুন প্রস্তাব আনা হয়েছে বলে তারা মনে করেন। এ কারণেই উভয় বিষয়েই প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন