অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের অভিযোগ অস্বীকার করলেনঃ আজহারী
বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়ায় তার ভিসা বাতিল সংক্রান্ত অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন।
বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তার সফর নিয়ে প্রচারিত সংবাদ বিদেশি একটি প্রতিবেদনের ভুল ব্যাখ্যার ফল।
আজহারী জানান, ভিসা বাতিলের পেছনে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা হচ্ছে—যা সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, “আমি এখনো অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্যই দিইনি, ফলে এই অভিযোগের কোনো ভিত্তি নেই।”
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত কয়েক দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। বিষয়টি সহজেই যাচাইযোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কিছু নয়। অতীতেও তার কিছু পুরোনো বক্তব্য প্রেক্ষাপট ছাড়া তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। একই ধরনের পরিস্থিতির কারণে আগে যুক্তরাজ্য সফরেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি।

আজহারীর অভিযোগ, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নাস্তিক্যবাদী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
নিজেকে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষের একজন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার বিভিন্ন আলোচনায় এই অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।






আপনার মতামত লিখুন