কিংবদন্তি শিল্পী ডালিয়া নওশীনের মহাপ্রয়াণ
একুশে পদকপ্রাপ্ত এই নক্ষত্র হারাল দেশ
বাংলাদেশের বরেণ্য নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই গুণী শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। তিনি জানান, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন ছিলেন এক উজ্জ্বল নাম। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র-এর কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।






আপনার মতামত লিখুন