টাকা ছাপিয়ে সহায়তা নয়, তাই বাড়বে না মূল্যস্ফীতি: প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির জন্য বাজেট বরাদ্দ মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকার অতিরিক্ত টাকা ছাপিয়ে দিচ্ছে না, তাই এই কর্মসূচির কারণে মূল্যস্ফীতি বাড়ার কোনো আশঙ্কা নেই।
প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড চালু করা হবে। প্রাথমিকভাবে ১০টি জেলায় প্রায় ২২ হাজার কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। দেশে মোট প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষক রয়েছেন, যাদের ধাপে ধাপে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কৃষি কার্ডধারী কৃষকরা বছরে আড়াই হাজার টাকা করে পাবেন এবং ফ্যামিলি কার্ডধারী নারীরা প্রতি মাসে একই পরিমাণ ভাতা পাবেন। পর্যায়ক্রমে এই সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন, এই অর্থ প্রান্তিক মানুষের হাতে পৌঁছালে তা স্থানীয় অর্থনীতিতেই ব্যয় হবে—যা সামগ্রিকভাবে অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নিচু স্তরের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।






আপনার মতামত লিখুন