বিশ্বের অধিকাংশ দেশে বাণিজ্য ঘাটতি ঘাটতি রয়েছেঃ বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশে বাণিজ্য ঘাটতি স্বাভাবিক এবং উন্নত দেশগুলোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমদানি রপ্তানির তুলনায় বেশি হওয়ায় এটি একটি স্বাভাবিক অর্থনৈতিক বাস্তবতা।
সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে মূল্য তারতম্য স্বাভাবিক হলেও সরকার এ পার্থক্য অগ্রহণযোগ্য পর্যায়ে না পৌঁছাতে সতর্ক। নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের দামে অগ্রহণযোগ্য ব্যবধান চিহ্নিত করতে ঈদের পর ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনের সমন্বয়ে গঠিত এই কমিটির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রকাশ্য শুনানির আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, সিলেট মূলত ফসলি এলাকা। শুষ্ক মৌসুমে সেচ সুবিধার অভাব এবং কিছু কৃষিজমি পানিতে ডুবে থাকার কারণে কৃষকেরা বাড়তি ফসল উৎপাদন করতে পারেন না। খাল পুনঃখননের মাধ্যমে এই সমস্যা সমাধান হবে এবং প্রায় ১,৫০০ বিঘা নতুন করে চাষের আওতায় আসবে। খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর ফলে বর্ধিত ফসল উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণের সুফল প্রথম বছর থেকেই অঞ্চলের মানুষ উপভোগ করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তাহসীনা রুশদী লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।






আপনার মতামত লিখুন