যুদ্ধবিরতি নিয়ে তেহরানের নতুন বার্তা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ ছাড়া কোনো সংঘাতের অবসান হবে না। রোববার (১৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরাগচি আরও বলেন, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং যুদ্ধে হওয়া ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আরবি সংবাদপত্র আরাবি আল জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার তদন্তে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনে তেহরান প্রস্তুত।
তিনি দাবি করেন, ইরানের সামরিক অভিযান কেবল যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং কোনো বেসামরিক বা আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি। তবে, তিনি অভিযোগ করেন যে, ইসরায়েল বেসামরিক স্থাপনায় হামলা ঘটিয়ে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের মতো লুকাস নামের ড্রোন তৈরি করেছে, যা ব্যবহার করে আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনায় আঘাত হানবে। এছাড়া তিনি উল্লেখ করেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের চেষ্টা আক্রমণের চেয়ে বড় ভুল হবে। হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য খোলা থাকবে, শুধু আমেরিকা ও তার মিত্রদের ব্যতীত।
আরাগচি উল্লেখ করেন, এখনো যুদ্ধ শেষ করার জন্য কোনো স্পষ্ট উদ্যোগ সামনে আসেনি। তবে ন্যায়সঙ্গত সমাধানের দিকে নিয়ে যেতে পারে এমন যেকোনো আঞ্চলিক প্রস্তাব ইরান স্বাগত জানাবে।






আপনার মতামত লিখুন