পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলঃ মার্কিন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি ভাবতে পারে। খবরটি প্রকাশ করেছে শাফাক নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস তার ‘অল-ইন’ পডকাস্টে বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে। তিনি সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে, যা দেশের নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলবে।
স্যাকস আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই কমানো গেছে। তাই এখনই যুদ্ধ বন্ধ করে সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো সবচেয়ে নিরাপদ উপায়।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেলআবিব ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, ইরানের শাসনব্যবস্থা উৎখাত করার সম্ভাবনা এখন অনেক কম।






আপনার মতামত লিখুন