সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য বড় সুখবর
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত-এ আটকে পড়া প্রবাসী ও পর্যটকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। ইরান-কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পারা বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য ৩০ দিনের বিশেষ বর্ধিত সময় এবং জরিমানা মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেছে ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি’ (আইসিপি) সংস্থাটি জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে ওভারস্টে করা পর্যটক ও প্রবাসীদের কোনো ধরনের জরিমানা দিতে হবে না।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে, ফলে অনেক প্রবাসী বড় ধরনের সংকটে পড়েছিলেন। বিশেষ করে যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় প্রবেশের জন্য বিশেষ অনুমতিও দেওয়া হয়েছে।
এছাড়া যারা ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় আমিরাতে এসে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ এই সংকটের সময় শেষ হয়েছে, তাদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। আমিরাত প্রশাসনের এই সিদ্ধান্তকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা হাজারো বিদেশি নাগরিকের দুশ্চিন্তা লাঘব করবে।
আটকে পড়া বিদেশি নাগরিকদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে এক্সিট পারমিট বা দেশত্যাগের অনুমতিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিমান চলাচল স্বাভাবিক হলেই তারা কোনো জটিলতা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন।
এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্ন ঘটার কারণে কোনো বিদেশি নাগরিকের ফ্লাইট যদি জরুরি ভিত্তিতে আমিরাতে অবতরণ করতে বাধ্য হয়, তাহলে তাদের বিনামূল্যে টেম্পোরারি ল্যান্ডিং পারমিট বা সাময়িক অবতরণের অনুমতিও দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এই পরিস্থিতিতে ভিসার মেয়াদ বাড়ানো বা এক্সিট পারমিটের জন্য সময়মতো আবেদন করতে না পারাকে অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না।
এই সুবিধা মূলত সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে যারা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করছেন। এর মধ্যে ডিপারচার পারমিটধারী, ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী এবং যাদের রেসিডেন্সি পারমিট সম্প্রতি বাতিল হয়েছে— তারা অন্তর্ভুক্ত।
আবেদন প্রক্রিয়ার জন্য যাত্রীদের বৈধ পাসপোর্ট, বর্তমান ভিসার কপি এবং পরবর্তী যাত্রার প্রয়োজনীয় প্রমাণপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। দুবাইসহ আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তবে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা থাকায় ভ্রমণকারীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ নির্দেশনা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন