আজ প্রথম রাষ্ট্রভাষা দিবস
বায়ান্নর মহান ভাষা আন্দোলনের অনেক আগেই ভাষার প্রশ্নটি সামনে আসে বাঙালি জাতির। ১৯৪৮ সালের ১১ মার্চ বাংলা ভাষার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে এটিই ছিল বাঙালির প্রথম সুসংগঠিত রাজপথের প্রতিরোধ।
বাংলা ভাষা আন্দোলন-এর ইতিহাসে দিনটি বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শাসকগোষ্ঠী বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে করাচিতে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। কিন্তু তৎকালীন মুসলিম লীগ সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে।
এর প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং ২ মার্চ পুনর্গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। পরিষদ ১১ মার্চ সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দেয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১১ মার্চ ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। সচিবালয়, রেলওয়ে স্টেশন ও পোস্ট অফিসের সামনে পিকেটিং শুরু হয়। ঢাকার রাজপথ সেদিন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আন্দোলনের তীব্রতা দেখে তৎকালীন সরকার দমন-পীড়ন শুরু করে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ চালালে শত শত ছাত্র আহত হন। পরে ব্যাপক ধরপাকড় শুরু হয় এবং আন্দোলনের প্রথম সারির নেতা শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব ও শওকত আলী-সহ অনেককে গ্রেপ্তার করা হয়।
এই গণগ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পূর্ব বাংলার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ১১ মার্চের পর ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত টানা বিক্ষোভ চলতে থাকে। শেষ পর্যন্ত তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রদের সঙ্গে আট দফা চুক্তি করতে বাধ্য হন, যেখানে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়।
১১ মার্চের এই ধর্মঘট প্রমাণ করে যে, বাঙালি জাতি মাতৃভাষার প্রশ্নে কোনো আপস করবে না। এই আন্দোলনই পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন-এর ভিত্তি তৈরি করে এবং বাঙালির স্বাধিকার আন্দোলনকে নতুন গতি দেয়।






আপনার মতামত লিখুন