ফখরুল: ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছেন। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল আরও জানান, ‘গত দেড় দশকে অসংখ্য পরিবারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, শত শত মানুষ নিখোঁজ বা নিহত হয়েছেন। কিন্তু এর কোনো অনুশোচনা দেখা যায়নি। গুম ও খুনের শিকার পরিবারগুলো এখনও সাহায্য পাচ্ছে না।’ তিনি বলেন, ‘এ পরিবারগুলোর সন্তানদের নিরাপদ, সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা শিগগিরই কার্যকর পদক্ষেপ নেব।’
মন্ত্রী আরও জানান, দেশে নির্বাচন হয়েছে, অনেকেই সরকারি পদে পৌঁছেছেন, কিন্তু যারা আত্মত্যাগ করেছে তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তাদের জন্য ভাতা ও সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, ‘নিখোঁজ বা নিহতদের সন্তানদের দুঃখ দূর করতে সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজীদা আখতার তুলি। বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের সদস্যরা।






আপনার মতামত লিখুন