দেশে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য নির্ধারণ করায় রোববার (৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি কম দামে বিক্রি হচ্ছে।
গত বুধবার (৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমানো হয়েছে ৬৪১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার সকাল ১০টা থেকে।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।






আপনার মতামত লিখুন