কূটনীতিক ও আলেমদের সম্মানে তাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং এতিম শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুটি ইফতারই রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ মার্চ) দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে। ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দিচ্ছে—এই আয়োজনকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে দ্বিতীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, খরচ সাশ্রয়ের লক্ষ্যে একই ভেন্যু ও মঞ্চ ব্যবহার করে দুটি আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার নীতি অনুসরণ করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে এবং ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের জন্য পৃথক ইফতার আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করার প্রথা অনুসরণ করতেন। বিরোধী দলে থাকাকালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই ধারা বজায় রেখেছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দলটি সরকার গঠন করে।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথম রোজায় রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন এবং রমজানজুড়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে যুক্ত রয়েছেন।






আপনার মতামত লিখুন