দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সরকার চায় স্বাস্থ্যসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। এজন্য ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশে প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের তথ্য তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে আরও আলোচনা হয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে—যেখানে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ নিয়োগের কথা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা প্রায় ৭৪ হাজার পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।






আপনার মতামত লিখুন