মধ্যপ্রাচ্য উত্তেজনায় চট্টগ্রাম বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলেও। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগমন ও বহির্গমন মিলিয়ে মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে শনিবার ৬টি, রোববার ১৪টি এবং সোমবার সকাল পর্যন্ত আরও ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সীমিত আকারে কিছু ফ্লাইট চলাচল করেছে। SalamAir-এর মাস্কাট থেকে আসা দুটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে এবং সোমবার সকালে একই এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রী নিয়ে ছেড়ে যায়। এছাড়া শনিবার বন্ধ থাকার পর রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জেদ্দাগামী বিজি-১৩৫ ফ্লাইট ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়। ইরান ও ইসরায়েল নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত ও কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম রুটে।






আপনার মতামত লিখুন