ইরানে যুদ্ধ কতদিন চলবে, বললেন ট্রাম্প
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান ভৌগোলিক ও সামরিকভাবে বড় দেশ হলেও নির্ধারিত লক্ষ্য অর্জনে খুব বেশি সময় লাগবে না। একই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।
প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অগ্রগামিতা দ্রুত আঘাত হানতে সহায়তা করছে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের দীর্ঘদিনের মতাদর্শিক কাঠামো, সামাজিক বাস্তবতা এবং আঞ্চলিক প্রভাব বলয় শুধুমাত্র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনে সম্পূর্ণ রূপান্তর করা সহজ নয়।
প্রায় অর্ধশতাব্দী ধরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক বৈরী অবস্থানে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে ঘিরে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন ঘটলে তা আঞ্চলিক রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করতে পারে। তবে সম্ভাব্য ক্ষমতার শূন্যতা কীভাবে পূরণ হবে, সেটিই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।






আপনার মতামত লিখুন