যৌথ হামলায় খামেনি নিহতের দাবি
ইরানে ৭ দিনের ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনার পর দেশজুড়ে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফারস নিউজ এজেন্সির বরাতে জানায়, সরকার আনুষ্ঠানিকভাবে শোকসূচি ঘোষণা করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি-ও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্য—তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি তাকে “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি” আখ্যা দিয়ে হামলার বিষয়টি উল্লেখ করেন।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়। এতে প্রাসাদটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।






আপনার মতামত লিখুন