ঝিনাইদহে ভাঙা দলীয় কার্যালয়ে মুজিব–হাসিনার ছবি টাঙানো ঘিরে চাঞ্চল্য
ঝিনাইদহ-এ ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা দাবি করেছেন, পরিত্যক্ত ওই কার্যালয়ে তারা নিজেরাই ছবি টাঙিয়ে ফুলের মালা দেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা–কর্মী ফেসবুকে এ–সংক্রান্ত ছবি পোস্ট করেন।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেওয়া হয়। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরদিন ৫ আগস্ট সরকার পতনের পর আবারও কার্যালয়টি ভাঙচুর করা হয়। এসি, চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাব লুট হয় এবং দরজা–জানালা খুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।






আপনার মতামত লিখুন